প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:১০ এ এম
অনলাইন সংস্করণ
সড়কপথে আজ রোববার (১৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম কিশোরগঞ্জ সফর। দিনব্যাপী এ সফরে জেলা সদরসহ কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, এ সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুদান ও সম্মানী প্রদান কর্মসূচি রয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
বিকেল আড়াইটায় জেলা সদরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর বিকেল ৪টায় পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান করবেন। একই সঙ্গে মসজিদের ইমাম-মুয়াজ্জিন, খাদেমসহ ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন সড়ক দ্রুত সংস্কার করা হয়েছে। সড়কের গর্ত মেরামত এবং পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন