প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা বৈঠকে বসেছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের নবম তলায় বিএনপির সংসদীয় দলের এই সভা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী বৃহস্পতিবার সংসদ সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। দীর্ঘ ৩৫ বছর পর প্রথমবারের মতো একাধিক প্রার্থীর অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হতে যাচ্ছে।
এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৪৯ জন সংসদ সদস্য। সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
মন্তব্য করুন