প্রকাশিত: ১৯ আগষ্ট, ২০২৬, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ
চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অক্সিজেন-মুরাদপুর সড়কের আতুরার ডিপো এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা।
শ্রমিকদের সড়ক অবরোধের জেরে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট, যাতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
আন্দোলনরত শ্রমিকদের ভাষ্য, প্রায় চার মাস ধরে বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে তাদের। বারবার বকেয়া বেতনের দাবি জানানো সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ না দেখে বাধ্য হয়েই সড়কে অবস্থান নিতে হয়েছে বলে জানান তারা।
আন্দোলনকারী নারী শ্রমিক লায়লা খাতুন বলেন, ‘চার মাস ধরে বেতন না পেয়ে শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত আমাদের দুর্ভোগ কাটবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১৩ আগস্ট ইত্যাদি জিন্স লিমিটেড কর্তৃপক্ষের জারি করা এক নোটিশে জানানো হয়েছিল, ২০ থেকে ২২ আগস্টের মধ্যে বর্তমান মালিক নতুন মালিককে কারখানায় নিয়ে এসে শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ প্রতিনিধি ও রাষ্ট্রপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন।
নোটিশ অনুযায়ী, শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পূর্বের নিয়োগের তারিখ অক্ষুণ্ন রেখেই নতুন মালিকের অধীনে চাকরি চলমান থাকবে। তবে নতুন মালিক এতে রাজি না হলে শ্রম আইন অনুযায়ী বর্তমান মালিক শ্রমিকদের পাওনাদি পরিশোধ করবেন।
তবে শ্রমিকদের অভিযোগ, নোটিশে মালিকানা হস্তান্তর ও চাকরি বহাল রাখার প্রসঙ্গ থাকলেও বকেয়া বেতন দ্রুত পরিশোধের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা নেই, যা তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে।
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যান চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা চালান।
এ প্রসঙ্গে শিল্প পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে।’
মন্তব্য করুন