তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় কমিটি না থাকায় মৎস্যজীবী দলে সাংগঠনিক স্থবিরতা

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলে দীর্ঘ ২২ মাস ধরে কেন্দ্রীয় কমিটি না থাকায় সারা দেশে সাংগঠনিক অচলাবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। এ পরিস্থিতি কাটাতে দ্রুত কেন্দ্রীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ভার্চুয়াল বৈঠকে দেশের বিভিন্ন জেলা ও মহানগরের নেতারা বক্তব্য রাখেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। সঞ্চালনা করেন সাবেক যুগ্ম-আহ্বায়ক (দপ্তর) মো. জাকির হোসেন খান।

বৈঠকে জামালপুর জেলা সভাপতি আব্দুল হালিম, মৌলভীবাজারের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুসা মিয়া, চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আব্দুল আজিজ, ঝিনাইদহের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য হান্নান হাওলাদার, রৌমারীর সভাপতি মাইদুল ইসলামসহ বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও বর্তমান পরিস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া দুঃখজনক। তাদের অভিযোগ, পূর্বে যাদের সঙ্গে আন্দোলন করেছেন, তাদের অনেকেই এখন নীরব রয়েছেন।

নেতাদের মতে, কেন্দ্রীয় কমিটি না থাকায় সংগঠনটি সারাদেশে দুর্বল হয়ে পড়ছে এবং অবমূল্যায়নের শিকার হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সংগঠনকে অঙ্গসংগঠন হিসেবে গুরুত্ব দিয়েছিলেন, সেটিকে পুনরায় সক্রিয় করা জরুরি।

বৈঠকে অংশ নেওয়া নেতারা দ্রুত কেন্দ্রীয় কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন