প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
সমাজের সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে বড় বড় সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শ্রমিকদের সার্বিক খোঁজখবর নেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের মধ্যে মোট ২০ হাজার রেইনকোট বিতরণ করা হবে। এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করছে।
অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রতিনিধিরা জানান, করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা শ্রমজীবী ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করে যেতে চান এবং ভবিষ্যতেও সরকারের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
রেইনকোট গ্রহণের সময় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে চা-পাতা উপহার দেওয়া হয়। শ্রমিক প্রতিনিধিরা এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন