তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:০৭ পিএম

অনলাইন সংস্করণ

মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহিত ছবি

দেশের কোনো মহাসড়কে থ্রি হুইলার যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন একটি ‘অটো ফাইন সিস্টেম’ চালু করার কথাও জানান তিনি, যার মাধ্যমে অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং ও উলটোপথে চলাচলসহ নানা ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এআই ক্যামেরার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো এআই ক্যামেরায় কোনো ধরনের ভুল বা ত্রুটি ধরা পড়লে তা সংশোধন করে পরবর্তীতে ধাপে ধাপে দেশের অন্যান্য মহাসড়কেও এই ব্যবস্থা সম্প্রসারিত করা হবে।

মহাসড়কে চাঁদাবাজি বন্ধেও এই ক্যামেরা ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, মালিকপক্ষ কিংবা শ্রমিকপক্ষ, যে পক্ষ থেকেই চাঁদাবাজি হোক না কেন, সবই ক্যামেরায় রেকর্ড হয়ে থাকবে, যার ফলে এই প্রবণতা কমে আসবে।

থ্রি হুইলার প্রসঙ্গে আবারও কঠোর অবস্থানের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা-চট্টগ্রামসহ দেশের কোনো মহাসড়কেই থ্রি হুইলার কোনো অবস্থাতেই উঠতে পারবে না, উঠলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নতুন এই অটো ফাইন সিস্টেম কীভাবে কাজ করবে তার বিবরণ দিতে গিয়ে জানা যায়, গতিসীমা লঙ্ঘন, অবৈধ পার্কিং কিংবা উলটোপথে চলাচলের মতো অপরাধ শনাক্ত হওয়ার পরপরই সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইলে এসএমএসের মাধ্যমে মামলা ও জরিমানার নোটিশ চলে যাবে, যেখানে অপরাধের ধরন ও জরিমানার অঙ্কও উল্লেখ থাকবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই এই জরিমানা পরিশোধের সুযোগ থাকবে।

হাইওয়ে পুলিশ আশা করছে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ ট্রাফিক আইন প্রয়োগকে যেমন দ্রুত ও স্বচ্ছ করবে, তেমনি দূরপাল্লার যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতেও সহায়ক হবে। সড়ক দুর্ঘটনা কমাতেও, বিশেষত বেপরোয়া গতি ও উল্টোপথে চলাচলের মতো ঝুঁকিপূর্ণ আচরণ নিয়ন্ত্রণে, এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে সংস্থাটি।

এতদিন মহাসড়কে ট্রাফিক আইন প্রয়োগ মূলত নির্ভর করত পুলিশের সরাসরি নজরদারি ও মামলার ওপর। এখন তার সঙ্গে যুক্ত হলো এআইভিত্তিক স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা, যা আইন প্রয়োগের পাশাপাশি জবাবদিহিতাও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাস এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন