প্রকাশিত: ১৮ আগষ্ট, ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমানোর পাশাপাশি প্রয়োজনীয় খাতে যথাযথ ব্যয় অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়া হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশে ইতিবাচক পরিবর্তন সম্ভব। তিনি জানান, সরকারের লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।
জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার সফলতা অনেকাংশেই রাজস্ব আহরণের ওপর নির্ভরশীল। তাই রাজস্ব কর্মকর্তাদের দক্ষতা ও কার্যকর ভূমিকা অপরিহার্য।
তিনি বলেন, দীর্ঘ সময়ের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে রাজস্ব ব্যবস্থাপনায় আস্থার সংকট তৈরি হয়েছিল। বর্তমান সরকারের লক্ষ্য এনবিআরকে জনবান্ধব, স্বচ্ছ ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা।
অভ্যন্তরীণ আয়ের উৎস বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের চাপ সৃষ্টি করে। এ কারণে সরকার উৎপাদনমুখী নীতি গ্রহণ করেছে, যাতে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, পরিবর্তিত বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জন করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য ও কর ব্যবস্থার পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন