তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে বৈছাআর তিন নেতা আটক

লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাসসংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কোর্ট মসজিদ এলাকার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক অন্যরা হলেন—সংগঠনের নেতা মির্জা সুমন ও রাকিব। বিক্ষোভ মিছিলের ঘোষণা থাকলেও ঘটনাস্থলে মাহদীসহ ওই তিনজন ছাড়া অন্য কোনো আন্দোলনকারীকে দেখা যায়নি।

এর আগে রোববার ‘সর্বস্তরের ছাত্রজনতা’র ব্যানারে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল আয়োজনের চেষ্টা করা হচ্ছিল। সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন