প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে প্রথমবারের মতো স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাইকৃত এসব বাস্তুচ্যুত মানুষকে ফেরত নেওয়া হবে। খবর আনাদোলু এজেন্সির।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে ধাপে ধাপে তাদের প্রত্যাবাসন শুরু করা হবে।
দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় এই স্বীকৃতিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর আগে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একাধিকবার প্রত্যাবাসন উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিয়ে উদ্বেগের কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
বর্তমানে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত পরিস্থিতি আরও জটিল করে তুলেছে, যা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বিলম্বিত করছে।
রোহিঙ্গা সম্প্রদায় দীর্ঘদিন ধরে বৈষম্য, নিপীড়ন ও রাষ্ট্রহীনতার শিকার। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি।
বাংলাদেশ সরকার বরাবরই রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে আসছে। অন্যদিকে, রোহিঙ্গারা রাখাইনে ফিরে যাওয়ার আগে পূর্ণ নাগরিকত্ব, নিরাপত্তা এবং মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দাবি করে আসছেন।
মন্তব্য করুন