তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: নাহিদ ইসলাম

বিদ্যুৎ ও গ্যাস–সংকট ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ‘হঠকারিতা’ বলে প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণতান্ত্রিক প্রতিবাদকে এভাবে আখ্যায়িত করা উদ্বেগজনক।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ)।

নাহিদ ইসলাম বলেন, রাস্তায় বসে বিক্ষোভ করা একটি বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। কিন্তু সরকার সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে উপস্থাপন করছে। এতে গণতান্ত্রিক চর্চা সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

তিনি অভিযোগ করেন, সরকার একটি ‘ন্যারেটিভ’ তৈরি করছে, যেখানে শান্তিপূর্ণ আন্দোলনকেও সহিংসতার সঙ্গে যুক্ত করা হচ্ছে। তার ভাষ্য, ‘আমি যদি প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামি, তখন বলা হবে আমি ভাঙচুর করতে এসেছি—এভাবে মামলা ও গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি করা হচ্ছে।’

গত ১৪ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির সড়ক অবরোধ কর্মসূচির প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, জ্বালানিসংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই তারা গণতান্ত্রিক কর্মসূচি পালন করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার এক অনুষ্ঠানে ওই কর্মসূচিকে ইঙ্গিত করে ‘হঠকারিতা’ মন্তব্য করেছিলেন। এর প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রে বিরোধী দল সংসদের ভেতরে যেমন কথা বলবে, তেমনি বাইরে থেকেও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবে—এটাই স্বাভাবিক প্রক্রিয়া।

বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও মতপ্রকাশের পরিসর সংকুচিত হচ্ছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দেশে যে মুক্ত পরিবেশ রয়েছে, তা ‘আপৎকালীন’ এবং দীর্ঘমেয়াদে তা বজায় থাকবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জরুরি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম ছাত্রনেতাদের বিরুদ্ধে ‘চরিত্রহননের চেষ্টা’ করছে।

অনুষ্ঠানে তিনি জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। তার ভাষ্য, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অনেক সাংবাদিক পেশার ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করেছেন, যা আন্দোলনের সফলতায় ভূমিকা রেখেছে।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের জন্য সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, দেশে দায়িত্বশীল সাংবাদিকতার পাশাপাশি দায়িত্বশীল রাজনীতিরও প্রয়োজন রয়েছে।

মন্তব্য করুন