প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা সর্বশেষ মামলাতেও জামিন বহাল রাখা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এদিন রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। এর আগে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় তাকে জামিন দিয়েছিলেন।
এর আগে গত ২ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলাতেও তার জামিন বহাল রাখেন চেম্বার আদালত। ওই মামলায় ৩০ জুন হাইকোর্ট তাকে জামিন দেন।
গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পাওয়ার পর খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
এর আগে ১৬ মে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন।
সর্বশেষ আদালতের আদেশ অনুযায়ী, জামিন বহাল থাকলেও আদালতের অনুমতি ছাড়া তিনি দেশত্যাগ করতে পারবেন না।
মন্তব্য করুন