তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৫ আগষ্ট, ২০২৬, ০৩:০৮ পিএম

অনলাইন সংস্করণ

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অবসর ও কল্যাণ ভাতা প্রাপ্তির ভোগান্তি এবার শেষ হতে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। কোনো ভোগান্তি থাকবে না। মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হবে না।’

অতীতের ভোগান্তির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষকদের বাস্তব অবস্থা আমরা একটা ভিডিওতে দেখেছি। আগে ঘুষ দিয়ে ভাতার টাকা নিতে হতো। আজ যত সহজে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু এত সহজ ছিল না। বিগত ফ্যাসিস্ট আ. লীগ সরকার লুটপাট করে অবসরের দুটি বোর্ড পঙ্গু করে রেখে গেছেন।’

তিনি আরও জানান, অবসর ভাতার ফান্ডে পর্যাপ্ত অর্থ না থাকায় বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই টাকা প্রদান করা হচ্ছে। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘প্রচলিত নিয়মে শিক্ষকতা থেকে অবসর নিলেও আপনারা এখনও শিক্ষক। আপনাদের ভূমিকা সর্বজনগ্রাহ্য।’

অনুষ্ঠানে শিক্ষকদের অবসর-কল্যাণ ভাতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, যার মধ্য দিয়ে শুরু হয় অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের সুবিধাপ্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে iBAS++ পদ্ধতির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।

জানা গেছে, শিক্ষকদের এই অবসর ও কল্যাণ ভাতা পরিশোধে সরকার এককালীন ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। দীর্ঘ চার বছর ধরে জমে থাকা বকেয়ার জট নিরসনে দেশের ৬৪ জেলায় একযোগে শিক্ষকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হচ্ছে।

গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদানে সম্মতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেক।

মন্তব্য করুন