প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ
নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স পর্যন্ত তাদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব ধরনের ব্যয় রাষ্ট্র বহন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি মেধাবী ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন এবং স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণসহ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই বৃহৎ জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। অতীতে খালেদা জিয়ার সরকার নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করেছিল উল্লেখ করে তিনি বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার অনার্স পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য করে তুলতে হবে, যাতে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে তারা। ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
শিক্ষা সহায়তার অংশ হিসেবে দরিদ্র পরিবারের শিশুদের জন্য নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বছরে একবার স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পরিবার পরিচালনায় ভূমিকা রাখা নারীদের হাতে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারে এই কার্ড পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন