আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া, ‘ইরানেরই থাকবে’—তেহরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মন্তব্যের কড়া জবাব দিয়ে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যাবে না; এটি অতীতে যেমন ইরানের ছিল, ভবিষ্যতেও তেমনই থাকবে।

সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই এই গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবে। তার এমন মন্তব্যকে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর কার্যত বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালি কেবল ইরানের সিদ্ধান্তেই খোলা বা বন্ধ করা হবে। তিনি আরও মন্তব্য করেন, কোনো টুইট, সামরিক শক্তি বা প্রশাসনিক নির্দেশ দিয়ে এ প্রণালি দখল করা সম্ভব নয়।

এর আগে নিউইয়র্কে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প হাস্যরসের সুরে বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করবেন। তবে পরবর্তীতে The Wall Street Journal-এর এক প্রতিবেদনে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্প মূলত রসিকতা করেই এ মন্তব্য করেছিলেন।

তবুও বিষয়টি নিয়ে উত্তেজনা থামেনি। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে এবং মার্কিন নৌঅবরোধ সেখানে ‘ইস্পাতের প্রাচীর’ তৈরি করেছে।

এই দাবিকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ আখ্যা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির সেন্ট্রাল মিলিটারি কমান্ড ‘খাতাম-আল আনবিয়া’র মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, হরমুজ সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে না।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-ও যুক্তরাষ্ট্রের অবস্থানকে ‘ভুল হিসাব’ হিসেবে উল্লেখ করে বলেন, গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে ওয়াশিংটন বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। সেই প্রেক্ষাপটে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মন্তব্য করুন