তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২৮ পিএম

অনলাইন সংস্করণ

অব্যবহৃত জলাশয় লিজ পাবে তরুণরা, নতুন উদ্যোক্তাদের ৫ কোটি পর্যন্ত অনুদান

ছবি: সংগৃহীত

দেশজুড়ে অব্যবহৃত খাল-বিল ও জলাশয়গুলো সংস্কার করে মাছ চাষের জন্য স্থানীয় তরুণদের মাঝে বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ ফান্ড গঠনের কথাও জানিয়েছেন তিনি, যেখান থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও জাতীয় মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অনেক হাওর, বিল ও পুকুর অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব জলাশয় সংস্কার করে সেখানে মাছের পোনা ছাড়া হবে এবং সংশ্লিষ্ট এলাকার তরুণদের মধ্যে তা বণ্টন করা হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়।

প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ ফান্ড গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, এই তহবিল থেকে নতুন উদ্যোক্তাদের ঋণ নয়, সরাসরি অনুদান দেওয়া হবে। সম্ভাবনাময় তরুণদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

মৎস্য খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ৫২টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৬ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী, জলজ প্রাণী উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম এবং অভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে দ্বিতীয়।

তিনি আরও জানান, খুলনায় ৩০০টি ক্লাস্টার গঠনের মাধ্যমে চিংড়ি উৎপাদন দ্বিগুণ করা হয়েছে এবং কক্সবাজারের চকরিয়ায় ৭ হাজার একর জমিতে ‘শ্রিম্প সিটি’ প্রকল্প নেওয়া হয়েছে। দেশের মোট মৎস্য উৎপাদনে জিআই পণ্য ইলিশের অবদান প্রায় ১০ শতাংশ।

মৎস্য খাতের সঙ্গে প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত উল্লেখ করে তিনি বলেন, মৎস্যচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হচ্ছে এবং জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি নিষিদ্ধ মৌসুমে জেলেদের ভিজিএফ সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

জলাশয় দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জলজ পরিবেশ হুমকির মুখে পড়ছে। মাছের উৎপাদন টেকসই রাখতে পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন