তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০৬:৪০ পিএম

অনলাইন সংস্করণ

ডা. এবিএম আবদুল্লাহর আজীবন ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডা. এবিএম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই পদের বিপরীতে তাঁর এ পর্যন্ত উত্তোলিত সব বেতন-ভাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার (২৪ জুন) এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২০২৪ সালের জুনে সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে বিধি লঙ্ঘন করে এই নিয়োগ দেওয়া হয়েছিল। বুধবার জারি করা দাপ্তরিক আদেশে বলা হয়, “২০২৪ সালের ২০ জুন সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশন সভায় আলোচ্যসূচির বহির্ভূতভাবে একজন সদস্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়েছিল। একই সভায় পুনরায় অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা ছিল বিধিবহির্ভূত। একই সিন্ডিকেট অধ্যাদেশ সংশোধন করে নিয়োগ অনুমোদন করা যায় না। এরই পরিপ্রেক্ষিতে, ৯২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ (আজীবন) বাতিল করা হলো। একই সঙ্গে ওই সভার তারিখ থেকে অধ্যাপক ইমেরিটাস পদের বিপরীতে তার উত্তোলিত বেতন-ভাতাদিও ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, নিয়মনীতি বহির্ভূতভাবে অধ্যাদেশ সংশোধন এবং একই সভায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কারণে এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশের চিকিৎসা শিক্ষা খাতের অন্যতম জ্যেষ্ঠ এই ব্যক্তিত্বের আজীবন ইমেরিটাস পদের আইনি বৈধতা শেষ হলো।

মন্তব্য করুন