তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৩০ এ এম

অনলাইন সংস্করণ

এক বছরের মধ্যে বদলে যাবে ধানমন্ডি লেক, হাতিরঝিলে নামছে আনসার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন ঝিল, লেক এবং জলাধার উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার (২৭ জুন) রাজধানীর হাতিরঝিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। ঢাকার জলাশয়গুলোর সামগ্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে লেকগুলো যে অব্যবস্থাপনার মধ্যে ছিল, তা দূর করতে সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেককে একটি দৃষ্টিনন্দন ও সুন্দর লেকে পরিবর্তন করা হবে। এছাড়া দীর্ঘ এক মাস ধরে হাতিরঝিল লেকে সংস্কার কাজ চলছে, যা বর্তমানে কঠোরভাবে তদারকি করা হচ্ছে। হাতিরঝিলের পরিবেশের আমূল পরিবর্তন আনা হবে জানিয়ে তিনি বলেন, "এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, দুইপাশে মাটি ফেলে সুন্দর করা এবং সন্ধ্যার পর কোনো হকার যাতে না আসে, সে জন্যে আনসার মোতায়েনের কথা বলা হচ্ছে।"

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এডিস মশার লার্ভার ভয়াবহতা তুলে ধরে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি জানান, বিভিন্ন রেস্টুরেন্ট, বাসাবাড়ি ও কোয়ার্টারে ৫০ শতাংশের বেশি লার্ভা পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এর পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রতি শনিবার উপজেলা পর্যায়ের সব স্কুল-কলেজ পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে, যা জাতীয় সিদ্ধান্ত হিসেবে কার্যকর রয়েছে। দেশের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, "আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না। কিন্তু আমরা বসবাসযোগ্য বানাতে চাই।"

মন্তব্য করুন