স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১০:৩৮ এ এম

অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাসের প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ অভিযানের শুরুতেই পরাজয় ও দ্বিতীয় ম্যাচে ড্রয়ের পর বাঁচা-মরার লড়াইয়ে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে বা শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে বাফানা বাফানারা। বুধবার মেক্সিকোর গুয়াদালুপেতে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকান দলটি এই গৌরব অর্জন করে। এই জয়ের ফলে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা, যেখানে আগামী রোববার ক্যালিফোর্নিয়ার ইঙ্গেলউডে ‘বি’ গ্রুপের রানার্সআপ কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে এই পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে দক্ষিণ কোরিয়ার।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চললেও প্রথমার্ধ ছিল গোলশূন্য। নকআউটে যেতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না দক্ষিণ আফ্রিকার সামনে, আর সেই চাপের মুখেই ম্যাচের ৬৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। দলের খেলোয়াড় শেপাং মোরেমির একটি চমৎকার ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন থাপেলো মাসেকো। শেষ পর্যন্ত এই একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এর আগে ১৯৯৮, ২০০২ ও ২০১০ সালের বিশ্বকাপে অংশ নিলেও কখনো গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবারও প্রথম ম্যাচে স্বাগতিক মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল তারা, তবে দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করে আশা বাঁচিয়ে রাখে। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে বিদায় করে নিজেদের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করল বাফানা বাফানারা। অন্যদিকে, চেক রিপাবলিককে হারিয়ে আসর শুরু করা দক্ষিণ কোরিয়া টানা দুই ম্যাচ হেরে ২০০২ সালের সেমিফাইনালিস্টদের এবারের বিশ্বকাপ মিশন ব্যর্থতায় শেষ করল।

মন্তব্য করুন