স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে ইরান দলে রাজনীতির ছায়া, ‘ফুটবল নিয়ে প্রশ্নই করলেন না’—তারেমির আক্ষেপ

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের আগে নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ইরান ফুটবল দল অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ সামনে রেখে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত দলের প্রথম সংবাদ সম্মেলনেও ফুটবলের চেয়ে রাজনীতির প্রসঙ্গই বেশি প্রাধান্য পেয়েছে।

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর একদিন পর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ইরানের প্রস্তুতির চেয়ে বেশি প্রশ্ন করেছেন যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক, ভিসা জটিলতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে। এতে একপর্যায়ে বিরক্তি প্রকাশ করেন দলের ফরোয়ার্ড মেহেদি তারেমি। তিনি মন্তব্য করেন, সংবাদ সম্মেলনে কেউই ফুটবল নিয়ে প্রশ্ন করেননি।

ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামীকাল সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের কোচ আমির গালেনোই রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, তারা কেবল ফুটবল খেলতে এসেছেন। তার ভাষায়, ইরানের ভেতরে ও বাইরে থাকা সব মানুষের প্রতিনিধিত্ব করাই তাদের লক্ষ্য, রাজনীতির সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের বাইরে প্রবাসী ইরানিদের একটি অংশ বর্তমান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে গালেনোই বলেন, ইরানি জাতি হিসেবে তারা সব ইরানিকেই সম্মান করেন।

দলের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে কোচ জানান, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দলকে প্রস্তুতি নিতে হয়েছে, যার মধ্যে ছিল ট্রেনিং ক্যাম্প স্থানান্তরের মতো বিষয়ও। একই সুরে কথা বলেন তারেমি। তিনি বলেন, ফুটবল সব সময় মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে এবং বিশ্বকাপে তাদের লক্ষ্য বিশ্বজুড়ে থাকা ইরানিদের আনন্দ দেওয়া।

তারেমি আরও বলেন, প্রত্যেক মানুষের নিজস্ব মতামত থাকতে পারে এবং তারা সেটিকে সম্মান করেন। তবে ফুটবলার হিসেবে তাদের কাজ মানুষকে একত্রিত করা, রাজনীতিতে জড়ানো নয়।

সংবাদ সম্মেলনের শেষদিকে সাংবাদিকদের উদ্দেশে কিছুটা খোঁচা দিয়েই তারেমি বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ সামনে থাকলেও কেউ ফুটবল নিয়ে প্রশ্ন করেননি। তার মতে, রাজনৈতিক প্রশ্নের জন্য আলাদা সংবাদ সম্মেলনে যাওয়াই বেশি উপযুক্ত।

মন্তব্য করুন