প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ
দেশের বাজারে দারুণ সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে ঢালিউডের জনপ্রিয় তারকা আরিফিন শুভর নতুন সিনেমা ‘মালিক’। প্রবাসী বাঙালিদের মাতাতে এবার অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই চিত্রনায়ক। সিনেমাটির প্রচার ও প্রিমিয়ার শোতে অংশ নিতে আগামী ১২ জুন ঢাকা ছাড়বেন তিনি।
অস্ট্রেলিয়ায় ‘মালিক’ সিনেমার পরিবেশনার দায়িত্বে রয়েছে ‘বংগোজ ফিল্মস’। আগামী ১৩ ও ১৪ জুন সিডনির বিখ্যাত হোইটস ব্যাংকস্টাউন (Hoyts Bankstown) প্রেক্ষাগৃহে সিনেমাটির জমকালো প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। শুধু সিডনিই নয়, পরবর্তীতে মেলবোর্ন ও অ্যাডিলেডেও ‘মালিক’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এই প্রতিটি প্রদর্শনীতেই দর্শকদের সঙ্গে সশরীরে উপস্থিত থাকবেন আরিফিন শুভ। সিনেমাটি উপভোগ করার পাশাপাশি প্রবাসী দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও কুশল বিনিময় করবেন তিনি।
অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিদের উদ্দেশ্যে পাঠানো এক বিশেষ ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, “হ্যালো অস্ট্রেলিয়া। আমি আপনাদের আরিফিন শুভ। আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে আমার নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকছি।”
তিনি আরও জানান, সিডনি প্রিমিয়ারে দর্শকদের ভালো সাড়া মিললে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির প্রদর্শনী বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পরিবার ও বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে এসে একসঙ্গে ‘মালিক’ দেখার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
এদিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ‘মালিক’ সিনেমাটি সাধারণ দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির প্রদর্শনী আরও বিস্তৃত হয়েছে।
মাল্টিপ্লেক্সগুলোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলার একাধিক নতুন একক প্রেক্ষাগৃহেও (সিঙ্গেল স্ক্রিন) নতুন করে শো যুক্ত হয়েছে। ফলে রাজধানীর গণ্ডি পেরিয়ে ঢাকার বাইরেও সাধারণ মানুষের মাঝে সিনেমাটি দেখার সুযোগ ও আগ্রহ দুই-ই বাড়ছে। দেশের এই ধারাবাহিক সাফল্য এবার আন্তর্জাতিক বাজারেও বজায় থাকবে বলে আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন