তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৪০ পিএম

অনলাইন সংস্করণ

চীনে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত ৭ম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (১০ জুন) কুনমিংয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রীর এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফোরামে বক্তব্য দিতে গিয়ে কায়সার কামাল দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

তিনি বলেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও উন্নয়ন অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে। চীন বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হিসেবেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ইউনান প্রদেশের গভর্নরের সভাপতিত্বে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। এদের মধ্যে ছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিশেষ দূত জিয়াও ছিয়ান, নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা মাগার, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. ইরুথিশাম আদম, শ্রীলঙ্কার পররাষ্ট্র প্রতিমন্ত্রী অরুণ হেমাচন্দ্র, চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিলুর রহমান হাশমি, সার্কের মহাসচিব গোলাম সারওয়ার এবং ভুটানের সাবেক মন্ত্রী কার্মা দর্জি।

ডেপুটি স্পিকার আশাবাদ ব্যক্ত করেন, প্রধানমন্ত্রীর আসন্ন এই সফর দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই।

মন্তব্য করুন