প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ
কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল রাজ্যসভার সদস্যপদ ছাড়তে পারেন ভারতীয় অভিনেত্রী কোয়েল মল্লিক। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১১ জুন) সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক একে একে নিজেদের পদত্যাগপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমা দেন। তাদের পর এবার একই পথে হাঁটলেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
কোয়েল মল্লিকের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্যসংখ্যা ১৩ থেকে কমে দাঁড়িয়েছে ৯-এ। দলীয় সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন।
গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামীর পাশাপাশি কোয়েল মল্লিকের নামও অন্তর্ভুক্ত ছিল।
পরে এপ্রিল মাসে দিল্লিতে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। সে সময় পরিবারের সদস্যরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। শপথের পর কোয়েল বলেছিলেন, এটি তার জন্য বড় দায়িত্ব এবং মানুষের সেবার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় অবস্থানের অবনতির মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে। এর মাধ্যমে তৃণমূলের সঙ্গে তার দূরত্ব আরও বেড়েছে বলেও ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন