তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:০৬ পিএম

অনলাইন সংস্করণ

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটসহ সব স্তরের তামাক পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব

ছবি: তরুণ কণ্ঠ গ্রাফিক্স

নতুন অর্থবছরে সব স্তরের সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় তিনি রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্যঝুঁকির ‘সর্বোচ্চ সমন্বয়’ বিবেচনায় তামাক পণ্যের নতুন দাম ঘোষণা করেন।

বাজেট প্রস্তাব অনুযায়ী সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকা ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে নিম্ন স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ৬০ টাকা, যা দুই টাকা বাড়বে। মধ্যম স্তরে বর্তমান ৮০ টাকা থেকে ৯২ টাকা নির্ধারণের ফলে ১২ টাকা বৃদ্ধি পাবে। উচ্চ স্তরে ১৪০ টাকা থেকে ১৬০ টাকা করা হলে ২০ টাকা বাড়বে। অতি উচ্চ বা প্রিমিয়াম স্তরে ১৮৫ টাকা থেকে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা ২৫ টাকা বেশি।

বাজেটে প্রথমবারের মতো নিকোটিন পাউচ আমদানিতে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর ওপর সর্বোচ্চ খুচরা মূল্য ও সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। এতে নিকোটিন পাউচের ক্ষেত্রে প্রতি ১০ গ্রামে ৫০০ টাকায় ৪০ শতাংশ এবং হিটেড টোব্যাকোর ক্ষেত্রে প্রতি ১০ শলাকায় ২১০ টাকায় ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।

এছাড়া তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহে কঠোর নজরদারির জন্য ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ পদ্ধতি চালুর প্রস্তাব করা হয়েছে, যাতে অবৈধ তামাক বাণিজ্য নিয়ন্ত্রণ করা যায়।

মন্তব্য করুন