প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১১০ শিশুর শরীরে এই রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। মারা যাওয়া তিন শিশুই ঢাকা বিভাগের।
বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ১৪৮ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৩ হাজার ১৩৯টি শিশু হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬৮ হাজার ৫৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৬৪ হাজার ২৯৩ শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এ পর্যন্ত হামের উপসর্গ ও হামজনিত জটিলতায় মোট ৬৪২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন শিশু, আর বাকি ৫৫০ জন শিশুর মৃত্যু হয়েছে হামের তীব্র উপসর্গ ও জটিলতার কারণে।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা দিলে কোনো ধরনের অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। বিশেষ করে উচ্চ জ্বর এবং শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন