প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার বিকালে এ ঘোষণা দেন মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
ঈদের আগের দিন বুধবার সকালে হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে।
তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা দুর্বলতা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং চিকিৎসক-নার্সদের দায়িত্বে গাফিলতির বিষয়গুলো উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও ছিল অপর্যাপ্ত ও অনিয়মিত।
এছাড়া ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক ওয়ার্ডে উপস্থিত ছিলেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুরুতর অবস্থার পরও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি বলে তদন্তে উঠে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, জন্মের পর নবজাতকদের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং তাদের জন্য বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন ছিল না। তবে হঠাৎ অবস্থার অবনতি হলেও জরুরি চিকিৎসা ও পর্যাপ্ত সেবা নিশ্চিত করা হয়নি।
একই সঙ্গে হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা, তদারকির ঘাটতি এবং প্রশাসনিক দুর্বলতাও এই ঘটনার জন্য দায়ী বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি।
মন্তব্য করুন