বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

বস্তি থেকে বিলাসবহুল প্রাসাদ: সংগ্রাম পেরিয়ে দুবাইয়ে রিজওয়ান সাজানের সাফল্যের গল্প

ছবি: সংগৃহীত

দুবাইয়ের আকাশছোঁয়া অট্টালিকার মাঝে ৪০ হাজার বর্গফুটের এক বিলাসবহুল প্রাসাদে বসবাস করেন মধ্যপ্রাচ্যের অন্যতম সফল ভারতীয় ব্যবসায়ী রিজওয়ান সাজান। অথচ এই সাফল্যের পেছনে রয়েছে মুম্বাইয়ের বস্তিতে কাটানো শৈশব, দারিদ্র্য আর কঠিন সংগ্রামের দীর্ঘ পথচলা।

ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা রিজওয়ান সাজান বর্তমানে নির্মাণসামগ্রী ও রিয়েল এস্টেট খাতে প্রতিষ্ঠিত একটি বড় নাম। নেটফ্লিক্সের ‘দুবাই ব্লিং’–এ অংশ নেওয়ার পর নতুন প্রজন্মের কাছেও তিনি পরিচিতি পেয়েছেন। তবে তাঁর বর্তমান বিলাসবহুল জীবনযাপনের আড়ালে লুকিয়ে আছে এক অনুপ্রেরণাদায়ক সংগ্রামের গল্প।

মুম্বাইয়ের ঘাটকোপারে নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া সাজানের শৈশব কেটেছে অর্থকষ্টে। মাসে মাত্র ১৫ রুপি হাতখরচ পেতেন। স্কুলের ক্যানটিনে সহপাঠীদের খাবার খেতে দেখলেও নিজের জন্য কিছু কেনার সামর্থ্য ছিল না। এই অভিজ্ঞতাই তাঁকে অল্প বয়সেই নিজের উপার্জনের পথে হাঁটতে উদ্বুদ্ধ করে।

মাত্র ১৪ বছর বয়সে বাবার কাছ থেকে ধার নেওয়া এক হাজার রুপি দিয়ে প্রথম ব্যবসা শুরু করেন তিনি। পাইকারি বাজার থেকে বই কিনে মৌসুমে বিক্রি করে প্রথমবার লাভ করেন ২০০ রুপি। এই ছোট সাফল্যই তাঁর আত্মবিশ্বাসের ভিত্তি গড়ে দেয়।

পরবর্তীতে বিভিন্ন মৌসুমি ব্যবসায় যুক্ত হন—রাখি বিক্রি, আতশবাজি বিক্রি কিংবা দুধ সরবরাহের কাজ। ব্যর্থতাও এসেছে, চাকরি হারিয়েছেন, কিন্তু থেমে যাননি। প্রতিটি অভিজ্ঞতা তাঁকে নতুনভাবে এগিয়ে যেতে শিখিয়েছে।

১৮ বছর বয়সে বাবার মৃত্যু তাঁর জীবনে বড় ধাক্কা হয়ে আসে। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে কাজের সন্ধানে পাড়ি জমান কুয়েতে। সেখানে একটি চাকরিতে যোগ দিলেও ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সংকটের মধ্যেই তিনি ব্যবসার সুযোগ খুঁজে পান—প্রবাসীদের বার্তা পৌঁছে দিয়ে আয় শুরু করেন, যা তাঁর উদ্যোক্তা মানসিকতার বড় উদাহরণ।

পরবর্তীতে দুবাইয়ে গিয়ে সীমিত পুঁজি নিয়ে নতুনভাবে ব্যবসা শুরু করেন। পরিকল্পিত বিনিয়োগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অল্প সময়েই ব্যবসায় সফলতা পেতে থাকেন। ধীরে ধীরে গড়ে ওঠে ড্যানিউব গ্রুপ, যা বর্তমানে মধ্যপ্রাচ্যের নির্মাণশিল্পে সুপরিচিত প্রতিষ্ঠান।

বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ হাজার কোটি রুপিতে পৌঁছেছে। তবে তাঁর মতে, অর্থ নয়, কাজের প্রতি আগ্রহই তাঁর সাফল্যের মূল চালিকা শক্তি।

দুবাইয়ে তাঁর বাসভবন এখন বিলাসিতার এক অনন্য উদাহরণ। প্রাসাদে রয়েছে ব্যক্তিগত থিয়েটার, গেমিং লাউঞ্জ, সুইমিংপুল, স্পা, অ্যাকুয়ারিয়াম এবং আধুনিক সব সুযোগ-সুবিধা। তবুও নিজের অতীত ভুলে যাননি তিনি।

রিজওয়ান সাজান বিশ্বাস করেন, সম্পদ হারালেও অভিজ্ঞতা ও মানসিক শক্তি থাকলে আবারও সফল হওয়া সম্ভব। তাঁর এই আত্মবিশ্বাস ও অধ্যবসায়ই তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

মন্তব্য করুন