প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ
নির্বাচনসংক্রান্ত শর্তাবলি পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেতা–কর্মীরা ব্যক্তিগতভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তর-এ আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ-সম্পৃক্ত ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, ‘কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের....কারণ, এটা নির্দলীয়। কেউ দলের কথা বলবেন না এবং তিনি যদি তাঁর প্রচারে...এটা হতে পারে। একজন নির্দলীয় ব্যক্তি এলেন, কিন্তু প্রচারে আওয়ামী লীগ বা তাঁদের যা যা বলার সেটা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি, তাঁর যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটি করার জন্য, সেটা যদি পূরণ করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন।’
পদপদবি থাকার ক্ষেত্রে কোনো জটিলতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পদপদবি, আসলে যেটা হয় আরকি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদপদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ, যদি ক্রাইটেরিয়া (শর্তাবলি) যা আছে, সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন, সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।’
সংবাদ সম্মেলনে তিনি সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম ও নীতিগত অবস্থান সম্পর্কেও তথ্য তুলে ধরেন।
মন্তব্য করুন