প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ১১:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা মঙ্গলবার (৯ জুন) সকালে শুরু হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ বলেন, ‘সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।’
এদিনের সভায় চট্টগ্রামের আনোয়ারায় একটি চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল স্থাপনের প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে, যেখানে এক লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং ৫০০ মিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে তোলা এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা। কর্ণফুলী নদীর মোহনার কাছাকাছি এলাকায় এ শিল্পাঞ্চল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং চীনের সহায়তায় ২ হাজার ৪৬৭ কোটি টাকা বিনিয়োগের কথা রয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির কাজ চলার কথা।
এর আগে চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। প্রায় ৯০০ একর জমিতে ৯১৯ কোটি টাকার ওই প্রকল্পটি গত ফেব্রুয়ারিতে বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন এ উদ্যোগকে সেই স্থবিরতার প্রেক্ষাপটে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন