প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৯:৩৪ এ এম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বিকল্প রুট ঘোষণা করেছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা সমুদ্রে সম্ভাব্য মাইনের ঝুঁকি এড়াতে এই ব্যবস্থা নিয়েছে।
বুধবার ৮ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতিতে বলা হয়, প্রণালি অতিক্রমকারী সব জাহাজকে তাদের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
ঘোষিত বিকল্প রুট দুটি হলো— প্রবেশের সময় ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে পারস্য উপসাগরে ঢুকতে হবে। আর বের হওয়ার সময় পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমান সাগরের দিকে যেতে হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে মূল চলাচলপথে মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ বহন করে। সাম্প্রতিক যুদ্ধের কারণে এই পথে চলাচল ব্যাহত হয়। যুদ্ধবিরতির অংশ হিসেবে প্রণালি সীমিত আকারে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে ইরানি কর্তৃপক্ষ এখন নিজেদের নিয়ন্ত্রণে রেখে জাহাজ চলাচল পরিচালনা করছে।
বিশ্লেষকরা বলছেন, এই বিকল্প রুট ঘোষণা ইরানের নিয়ন্ত্রণ জোরদার করার পাশাপাশি সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা। তবে আন্তর্জাতিক জাহাজ চলাচল সংস্থাগুলো এতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রণালির স্থিতিশীলতা মধ্যপ্রাচ্যের তেল বাজার ও বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করুন