শাহাদাত হোসাইন

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৯:৪৯ এ এম

অনলাইন সংস্করণ

বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু

ছবি: সংগৃহীত

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয় এবং তা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। পরে তিনি ঢাকা-১৭ আসন বেছে নেওয়ায় বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ আসনটি বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত।

উপনির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী তিনজন। বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে লড়ছেন। রেজাউল করিম বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়েছিল। এখানে জামায়াত প্রার্থী করেছে বাদলের ছোট ভাই মাসুদুর রহমানকে। বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার চার লাখ দুই হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ পাঁচ হাজার ৬৬ জন, নারী দুই লাখ আট হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের সাতজন। মোট ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে।

সকালে শ্রীবরদী উপজেলার তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি শুরুতে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান, এ কেন্দ্রে চার হাজার ৭৮১ জন ভোটার রয়েছেন।

দুটি নির্বাচনই শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। ফলাফল ঘোষণা করা হবে ভোটগ্রহণ শেষে।

মন্তব্য করুন