প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৯:৫২ এ এম
অনলাইন সংস্করণ
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। বুধবার ৮ এপ্রিল বিকেল থেকে প্রণালিটিতে ট্যাংকার চলাচল থেমে গেছে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এবং সরকারি সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে হামলা চালানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে দুটি তেলবাহী ট্যাংকার ইরানের অনুমতি নিয়ে প্রণালি অতিক্রম করলেও, লেবাননে নতুন হামলা শুরু হওয়ায় বাকি সব ট্যাংকারের চলাচল স্থগিত করা হয়।
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, বুধবারের ইসরায়েলি হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং এক হাজার ১৬৫ জন আহত হয়েছেন। এটি সাম্প্রতিক সংঘাতের মধ্যে লেবাননে একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।
ইরানের ১০ দফা প্রস্তাবে প্রতিরোধ ফ্রন্টসহ লেবাননে হামলা বন্ধ রাখার শর্ত ছিল। কিন্তু ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি কেবল ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য। হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে অভিযান অব্যাহত থাকবে।
হরমুজ প্রণালি বিশ্বের তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ বহন করে। এই পথ বন্ধ হওয়ায় আন্তর্জাতিক তেল বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে।
ইরান জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের দখলকৃত অঞ্চলে সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনায় আঞ্চলিক শান্তি প্রচেষ্টা অনিশ্চয়তার মুখে পড়েছে।
মন্তব্য করুন