স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

ক্রিকেটে আসছে ‘ক্লাব বিশ্বকাপ’ আইপিএলকে পিরামিডের শীর্ষে দেখছেন গ্রায়েম স্মিথ

আধুনিক ক্রিকেটের বিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের এই টুর্নামেন্ট বিশ্ব ক্রিকেটের খোলনলচে বদলে দিয়েছে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অধিনায়ক গ্রায়েম স্মিথ। সম্প্রতি ওয়েবসাইট অলিম্পিক ডটকম-এর সঙ্গে এক আলাপচারিতায় স্মিথ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রভাব, ক্লাব বিশ্বকাপের সম্ভাবনা এবং ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের ফেরা নিয়ে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সফলতম অধিনায়ক এবং বর্তমানে দক্ষিণ আফ্রিকার এসএ২০ (SA20) লিগের কমিশনার গ্রায়েম স্মিথ মনে করেন, ২০০৮ সালে শুরু হওয়া আইপিএল ক্রিকেটের বাণিজ্যিক ও কৌশলগত ধারণা পাল্টে দিয়েছে। তাঁর ভাষায়, “আইপিএল সবকিছু বদলে দিয়েছে। বাণিজ্যিকভাবে একটি লিগ কতটা বড় হতে পারে এবং খেলার মান কতটা উঁচুতে নিতে পারে, তা আইপিএলই দেখিয়েছে। এখন বিশ্বের প্রতিটি নতুন লিগই আইপিএলের মডেল থেকে শিখছে।” স্মিথ বিশ্বাস করেন, ভবিষ্যতে আইপিএল থাকবে এই ক্রিকেট পিরামিডের শীর্ষে এবং অন্যান্য লিগগুলো এর পরিপূরক হিসেবে কাজ করবে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা মাথায় রেখে স্মিথ একটি বৈপ্লবিক সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি মনে করেন, ফুটবলের মতো ক্রিকেটেও খুব শীঘ্রই ‘ক্লাব বিশ্বকাপ’ শুরু হতে পারে। তিনি বলেন, “ভবিষ্যতে অনায়াসেই ক্লাব বিশ্বকাপের মতো কোনো টুর্নামেন্ট আমরা দেখতে পারি। ভাবুন তো, আইপিএল, এসএ২০, বিগ ব্যাশসহ বিশ্বের সেরা লিগগুলোর চ্যাম্পিয়ন দলগুলো একে অপরের বিপক্ষে খেলছে! এটি দর্শকদের জন্য নতুন রোমাঞ্চ নিয়ে আসবে।” অনেক ফ্র্যাঞ্চাইজির মালিকানা এখন ব্যক্তিগত পর্যায়ে থাকায় এই টুর্নামেন্টের ভিত্তি এখনই তৈরি আছে বলে তিনি মনে করেন।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে দীর্ঘ ১২৮ বছর পর ক্রিকেটের অন্তর্ভুক্তিকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন স্মিথ। ১৯০০ সালের পর অলিম্পিকে ক্রিকেট ছিল না বলে ক্রিকেটাররা কেবল বিশ্বকাপ বা আইপিএলের স্বপ্ন দেখতেন। স্মিথ বলেন, “নোভাক জোকোভিচের মতো অ্যাথলেটের কাছে অলিম্পিক সোনা জয় কতটা আবেগের, তা আমরা দেখেছি। এখনকার তরুণ ক্রিকেটারদের কাছে অলিম্পিক মেডেল জয়ের সুযোগ খেলাটিতে সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করবে।”

 

মন্তব্য করুন