তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:০৩ পিএম

অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থান রক্ষায় আবারও প্রস্তুতির ডাক নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং শহীদদের রক্তের মর্যাদা সমুন্নত রাখতে দল-মত নির্বিশেষে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, "এটি কোনো দলের বা জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে এবং জুলাই অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়। আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি।"

আজ রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বর্তমান সরকারের কার্যক্রমের সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত ‘জুলাই অধিদপ্তর’ ও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কাজ বাস্তবায়নে বর্তমান সরকারের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, এই সরকার জুলাই যোদ্ধাদের কল্যাণ ও সংস্কারের জন্য আগের চেয়ে বেশি কী করছে, তা মানুষ দেখতে চায়।

নব্বইয়ের পরবর্তী বিএনপি সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ১৯৯০ সালের গণআন্দোলনের পর ক্ষমতায় এলেও বিএনপি তিন দলের রূপরেখা অস্বীকার করেছিল। বর্তমানে তারা ‘জুলাই সনদ’-এর কথা বললেও আসলে একে কলুষিত করেছে। তাঁর মতে, জুলাই সনদ কোনো দলীয় ইশতেহার হতে পারে না, অথচ জোর করে সংস্কারের জায়গায় দলীয় ইশতেহারের বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে।

বিচার বিভাগ ও পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, শেখ হাসিনার আমলের মতো বিচার বিভাগকে দলীয়করণের ধারা এখনো অব্যাহত রাখার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, পুলিশ সংস্কারের ক্ষেত্রে টালবাহানা করা হচ্ছে এবং সংস্কার অধ্যাদেশ বাস্তবায়ন না করে হয়তো আবারও ‘জাতীয়তাবাদী পুলিশ বাহিনী’ তৈরির চেষ্টা চলছে।

অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা ছাড়াও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং আহত ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাইয়ের লক্ষ্য অর্জনে এবং রাষ্ট্র সংস্কারে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন