তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:০৪ পিএম

অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে দেশে আরও ১০ শিশুর মৃত্যু

রোববার (১২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন উপসর্গজনিত জটিলতায় এবং ৪ জন সরাসরি হামে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ শিশু।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। একই সময়ে পরীক্ষায় ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত শিশুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। অন্যদিকে, সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ২২৫ জনে।

তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭ হাজার ৬৫৬ শিশু, যা কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন