প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পর জানানো হয়েছে, আপাতত দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, “এ সময় দেশের মানুষ মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটি লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেব।”
মন্ত্রী আরও বলেন, “ভোজ্যতেল নিয়ে আমরা নিয়মিত বসি। এটি একটি সংবেদনশীল পণ্য। এটির দাম বাড়লে ক্রেতারা নাখোশ হন। এজন্য নিয়মিত বিরতিতে আমরা দেশের তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি পর্যালোচনা করি। তবে এ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোনো কিছু হয়নি।”
বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে ভোজ্যতেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তারা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব উত্থাপন করে।
তবে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই শেষে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এদিন (১২ এপ্রিল) অনুষ্ঠিত দুই দফা বৈঠকে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মুনাফা সমন্বয়ের জন্য কিছু অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়। যদিও কী ধরনের সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মন্তব্য করুন