প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান দুই স্তম্ভ তৈরি পোশাক রপ্তানি এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, "আমাদের পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত দেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বাড়ানো।"
আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ, বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী প্রবাসীদের কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ তুলে দেন।
এবারের অনুষ্ঠানে রেমিট্যান্স আহরণে বিশেষ অবদানের জন্য ১৩টি ব্যাংক, একটি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। তথ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে প্রবাসীদের পাঠানো অর্থের কোনো বিকল্প নেই। বিশ্বদরবারে বাংলাদেশের ব্র্যান্ডিং আরও শক্তিশালী করতে তিনি প্রবাসীদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শামা ওবায়েদ তাঁর বক্তব্যে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিদেশের বাজারে রপ্তানি বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। নীতিনির্ধারকদের মতে, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং বাংলাদেশি পণ্যের প্রচার বাড়ানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
মন্তব্য করুন