স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৩:২৬ পিএম

অনলাইন সংস্করণ

ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ দিনগুলো নিয়ে আক্ষেপ গারনাচোর

আর্জেন্টিনার তরুণ সেনসেশন আলেহান্দ্রো গারনাচোর জন্য চলতি ক্লাব মৌসুমটি মোটেও সুখকর হচ্ছে না। গত ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চেলসিতে যোগ দিলেও স্ট্যামফোর্ড ব্রিজে নিজের নামের প্রতি এখনো সুবিচার করতে পারেননি তিনি। গতকাল ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর নিজের বর্তমান অবস্থা ও পুরনো ক্লাব ছাড়া নিয়ে মুখ খুলেছেন এই ফরোয়ার্ড।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, স্কাই স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে গারনাচো তাঁর ওল্ড ট্র্যাফোর্ড ক্যারিয়ারের সমাপ্তি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি জানান, ম্যানইউতে তাঁর শেষ ছয় মাস কেটেছে মূলত সাইড বেঞ্চে। নিয়মিত খেলার সুযোগ না পাওয়াই তাঁকে দল ছাড়তে বাধ্য করেছে। গারনাচো সরাসরি স্বীকার করেছেন যে, ম্যানইউর পর্তুগিজ কোচ রুবেন আমোরিমের সঙ্গে মতবিরোধ এবং উত্তপ্ত বাক্যবিনিময় তাঁর ক্লাব ছাড়ার অন্যতম প্রধান কারণ ছিল। তবে সাবেক ক্লাবের সমর্থকদের প্রতি কোনো অভিযোগ নেই তাঁর; বরং রেড ডেভিল ভক্তদের ভালোবাসার কথা শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করেছেন তিনি।

খারাপ সময় কাটিয়ে উঠতে নিজের ক্যারিয়ারের স্বার্থেই চেলসিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান গারনাচো। চেলসিকে প্রিমিয়ার লিগের একটি ঐতিহ্যবাহী ক্লাব হিসেবে উল্লেখ করে তিনি নিজেকে এই দলের ‘গর্বিত সদস্য’ বলে দাবি করেন। তবে প্রথম মৌসুমে এখনো প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারলেও ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে তিনি আশাবাদী।

স্পেনে বেড়ে উঠলেও জাতীয় দল হিসেবে আর্জেন্টিনাকে বেছে নেওয়ার কারণ হিসেবে গারনাচো পরিবারের আত্মবিশ্বাসের কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, পরিবার শুরু থেকেই তাঁকে আর্জেন্টিনাকে বেছে নিতে উৎসাহিত করেছিল। এছাড়া লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগ হাতছাড়া করতে চাননি বলেই তিনি আকাশী-নীল জার্সি বেছে নিয়েছেন। বর্তমান ক্লাব ক্যারিয়ারে কিছুটা ভাটা চললেও জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই তরুণ তুর্কি।

মন্তব্য করুন