প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার কোনো চেষ্টা চালায়, তবে তা ব্যর্থ হতে বাধ্য বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১৫ এপ্রিল) তেহরানে জরুরি সেবা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, ইরানি জাতি কখনোই কোনো শক্তির কাছে নতি স্বীকার করবে না।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তেহরান কখনোই যুদ্ধ বা আঞ্চলিক অস্থিরতা চায় না। ইরান সব সময় বিভিন্ন দেশের সঙ্গে গঠনমূলক আলোচনা এবং পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে এসেছে। তবে আলোচনার পরিবেশ হতে হবে সম্মানজনক।
পেজেশকিয়ানের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে ‘বড় কিছু ঘটতে পারে’। তবে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য এই সংলাপ নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সঙ্গে তেহরানের বার্তা আদান-প্রদান হলেও নতুন কোনো বৈঠকের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।
গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দিনের যে সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছিল, তার মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হতে যাচ্ছে। গত শনিবার ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের চেষ্টা ব্যর্থ হয়। সেই ব্যর্থতার জন্য ওয়াশিংটন ও তেহরান পরস্পরকে দায়ী করে আসছে।
বিশ্লেষকরা মনে করছেন, ২২ এপ্রিলের সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে আন্তর্জাতিক চাপ বাড়ছে। একদিকে ট্রাম্প দাবি করছেন ইরান চুক্তিতে আগ্রহী, অন্যদিকে পেজেশকিয়ান অনমনীয় মনোভাব প্রকাশ করে বুঝিয়ে দিচ্ছেন যে, কোনো ধরনের চাপের মুখে বা শর্তসাপেক্ষে ইরান আত্মসমর্পণ করবে না। মধ্যপ্রাচ্যের এই সংকট নিরসনে এখন সবার নজর পাকিস্তানের দিকে।
মন্তব্য করুন