তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২৭ পিএম

অনলাইন সংস্করণ

হামে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৩৬, মোট প্রাণহানি ৯৯৯ জনে

দেশে হাম ও এর উপসর্গে শিশুমৃত্যুর আতঙ্ক দিন দিন ঘনীভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯ জনে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১ হাজার ২৩৬ জন নতুন হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম আক্রান্ত রোগী ১ হাজার ১৫৭ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রদত্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬৬ হাজার ৪৬১ জন শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে ১৯ হাজার ৮৩৫ জন শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে।

পরিসংখ্যান মতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন রোগীদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুততম সময়ে সকল শিশুকে টিকা নিশ্চিত করা ও উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

 

মন্তব্য করুন