জাকিয়া নূর মতিন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০৪ পিএম

অনলাইন সংস্করণ

কবিতা

পরাজিত রাজা

ছবি: সংগৃহীত

পরাজিত রাজা
 

হে মহামতি কর্ণ,এক অঙ্গরাজ্যের রাজা 
তুমি, কী ভীষণ অবনত তোমার মস্তক। 
আপন অপমানে ক্রোধে অন্ধ হলে; ধনুক 
তুললে ন্যায়কে করে নিশানা।সূর্য সন্তান 
না তুমি? উদ্ধত মস্তক কোন বিনয়ে নত 
হোল গান্ধারী পুত্রের কাছে?তাদের অঙ্গ-
রাজ্যের রাজা তুমি, তাই কি বিকিয়ে দিতে
হবে ন্যায় বোধ ?তাই কি সভা মাঝে করতে
হবে নারীর অপমান?তাই কি নারীর বস্ত্র-
হরণে কাপুরুষের মত সায় দিতে হবে 
তাদের যারা তোমায় সিংহাসনে বসিয়েছে?
তুমি কি জানতে না পাশার দানের প্রবঞ্চনার 
কথা?পাণ্ডবদের দাস হতে দেখে তবু তোমার
এত উল্লাস ?এক অঙ্গরাজসিংহাসন 
কি এতই দামী?  

মহাযুদ্ধে কৌরবদের প্রধান অস্ত্র তুমি। 
তুমি কি জানতে না এই যুদ্ধে ঝরে যাবে
হাজার হাজার তরতাজা প্রান?বুক খালি
হবে কত কত মায়ের? এ কি তোমার
শ্রেণী শত্রুর বিরুদ্ধে সম অধিকারের
দাবীতে যুদ্ধ ছিল?নাকি শুধুই ছিল 
অপমানের প্রতিশোধ?নাকি তোমাকে 
যারা সিংহাসনে বসালো তাদের প্রতি 
আনুগত্যবোধ? তার চাইতে দাসী মায়ের
কোল কি ছিলোনা অধিক সুখের আশ্রয় ?
দাসীপুত্র থেকে অঙ্গরাজ্যের রাজা হয়ে 
পেরেছ কি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হতে?

না, পারো নি। তোমার ধনুকের একটা
তীর যদি আঘাত করতো তোমার অহং-
বোধকে তবে বোধহয় তুমি জিতেই যেতে।
তোমার বিশ্বাস যদি ঘায়েল করতো 
তোমার পরশ্রী  কাতরতাকে তবে হয়ত
 তুমি জিতেই যেতে। তোমার জ্ঞান যদি
পরাজিত করত তোমার লোভকে, তবে 
তুমি জিতে যেতে। তুমি ভালবেসে জয় 
করনি ঘৃণা কে। তাই তুমি আজ পরাজিত।

লেখিকা- জাকিয়া নূর মতি

মন্তব্য করুন