তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ০৫:২৯ পিএম

অনলাইন সংস্করণ

'গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে':  রাষ্ট্রপতি মির্জা ফখরুল

গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হলে সংবাদমাধ্যমকেও টিকিয়ে রাখতে হবে। গণমাধ্যমকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য ও অতীত স্মৃতির কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, “প্রেস ক্লাবের সঙ্গে আমার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। সবচেয়ে দুঃসময়ে সাংবাদিক সমাজ আমার পাশে ছিলেন। সাংবাদিকদের সার্বিক কল্যাণে ও সুরক্ষায় আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।” গণহারে সাংবাদিক ছাঁটাই বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি ‘দৈনিক বাংলা’সহ বিশেষ ট্রাস্টের অধীনে থাকা বন্ধ পত্রিকাগুলো দ্রুত চালুর উদ্যোগ নিতে তাগিদ দেন রাষ্ট্রপতি। তিনি উল্লেখ করেন, বন্ধ পত্রিকাগুলো পুনরায় চালু হলে অন্তত ১ হাজার সাংবাদিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সাংবাদিকদের পেশাগত ঐক্যের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, পুরোনো কর্তৃত্ববাদী মানসিকতা থেকে বেরিয়ে এসে মুক্ত চিন্তার গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করতে হবে। একই সাথে সরকারের যৌক্তিক ও গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি সরকারের ভালো কাজগুলো প্রচার এবং নির্বাচিত সরকারকে কাজ করার প্রয়োজনীয় সময় দেওয়ার তাগিদ দেন তিনি।

সাক্ষাৎকালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সদস্য কাদের গনি চৌধুরী, কবি আবদুল হাই শিকদার ও সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। প্রেস ক্লাব নেতৃবৃন্দ বিগত সময়ের অপসাংবাদিকতার ধারা রোধ, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম রাখা এবং দ্রুত ১০ম ওয়েজবোর্ড বাস্তবায়নে রাষ্ট্রপতির জোরালো ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।

 

মন্তব্য করুন