প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দীর্ঘদিন ধরেই নানামুখী জল্পনা-কল্পনা চলছে। সম্প্রীতি আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে—এমন এক জোরালো গুঞ্জন ঢালিপাড়ায় চাউর হলে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত ও নেটিজেনদের এসব খবরে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে নিজের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পূজা চেরী। সেখানে তিনি লেখেন, “অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সব কিছু আমি নিজেই আগে থেকে সবাইকে জানিয়ে দেব।”
বিয়ের তারিখ গোপন রাখার গুঞ্জন উড়িয়ে দিলেও নিজের বাগদানের বিষয়টি স্পষ্ট করেছেন এই চিত্রনায়িকা। তিনি জানান, তিনি ইতোমধ্যে 'এনগেজড' (বাগদত্তা)। তবে তাঁর হবু জীবনসঙ্গী বিনোদন জগতের বা শোবিজের বাইরের একজন মানুষ।
বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু বরের পরিচয় কিংবা বিয়ের নির্দিষ্ট সময় এখনই প্রকাশ্যে আনেননি পূজা। এর আগে গত আগস্ট মাসেও তাঁর গোপন বিয়ের গুঞ্জন উঠলে তা অস্বীকার করে পূজা চেরী বলেছিলেন, বিয়ে জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় সিদ্ধান্ত, যা গোপন রাখার কোনো ইচ্ছা তাঁর নেই। সঠিক সময় এলে সবাইকে সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশেই নতুন জীবনের সূচনা করবেন তিনি।
মন্তব্য করুন