প্রকাশিত: ৪৯ মিনিট আগে, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এবার এক রহস্যময় গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। 'পরী কি শুধুই রূপকথার গল্পে থাকে, নাকি আমাদের আশপাশেও ঘুরে বেড়ায়?'—এমনই কৌতুহল উদ্দীপক প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি নিয়ে আসছেন তাঁর নতুন নাটক ‘লালপরী’।
সম্প্রতি সামাজিক মাধ্যমে উন্মোচিত হয়েছে ‘লালপরী’ নাটকের অফিসিয়াল ফাস্টলুক পোস্টার। রহস্যময় আবহঘেরা সেই পোস্টারটি শেয়ার করে অর্চিতা স্পর্শিয়া ক্যাপশনে লিখেছেন— “পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশপাশেই?” পোস্টার ও স্পর্শিয়ার এমন রহস্যময় বার্তাকে ঘিরে শুরু থেকেই তাঁর ভক্ত-অনুরাগীদের মাঝে তৈরি হয়েছে বাড়তি জল্পনা।
জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত এই নাটকে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ফররুখ আহমেদ রেহান।
কাজটি নিয়ে সৃষ্ট ভুল ধারণা স্পষ্ট করে স্পর্শিয়া বলেন, “অনেকে পোস্টার দেখে বিভ্রান্ত হচ্ছেন; ‘লালপরী’ কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, এটি একটি বিশেষ নাটক। এতে আমার সহশিল্পী হিসেবে কাজ করেছেন রেহান।”
নাটকের মূল বিষয়বস্তু বা গল্পের বিস্তারিত এখনই ফাঁস করতে নারাজ প্রযোজনা কর্তৃপক্ষ ও অর্চিতা স্পর্শিয়া। গল্পের প্রকৃত চমক জানতে দর্শকদের ট্রেলার প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে জানিয়ে স্পর্শিয়া বলেন, “মাত্রই ফাস্টলুক প্রকাশিত হলো। ট্রেলার আসার পর গল্পটি নিয়ে আরও পরিষ্কারভাবে বলা যাবে।”
মন্তব্য করুন