বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:০৫ পিএম

অনলাইন সংস্করণ

বিমানকে 'খেলনা' বলে বিপাকে নোরা ফাতেহি,  ৩ কোটি টাকার মানহানির মামলা

সামাজিক মাধ্যমে চার্টার্ড বিমান নিয়ে আপত্তিকর মন্তব্য করে তীব্র আইনি জটিলতায় পড়েছেন বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। বিমানের সুনাম ও ব্যবসায়িক ক্ষতি সাধনের অভিযোগে তাঁর বিরুদ্ধে তিন কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা দায়ের করেছে 'ডিউনস অ্যাভিয়েশন' নামের একটি বিমান পরিবহন সংস্থা।

ভারতের গুজরাটের গান্ধীনগর আদালতে দায়ের করা এই মামলায় সংস্থাটির অভিযোগ, গত বছরের ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর ভ্রমণের সময় তাদের চার্টার্ড বিমানের একটি সফরে ছিলেন নোরা ফাতেহি। ভ্রমণকালে বিমানের ভেতরের পরিবেশ ভিডিও করে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। সেই ভিডিওতে বিমানটিকে 'মিনিয়েচার', 'টয়' এবং 'লেগো এয়ারপ্লেন' বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

সংস্থাটির দাবি, নোরার বিপুল সংখ্যক অনুসারী থাকার কারণে এই দায়িত্বজ্ঞানহীন ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে কোনো কারিগরি জ্ঞান ছাড়াই তাঁর এমন কটূক্তিতে সাধারণ মানুষের কাছে বিমানটির নিরাপত্তা ও মান নিয়ে ভুল বার্তা যায়। এর প্রত্যক্ষ প্রভাবে তাদের বাণিজ্যিক বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায় এবং পূর্ব নির্ধারিত বেশ কয়েকটি বুকিং বাতিল হয়ে সংস্থাটির অপূরণীয় ব্যবসায়িক ক্ষতি হয়।

ডিউনস অ্যাভিয়েশন আরও স্পষ্ট করেছে, নোরা যে বিমানটি ব্যবহার করেছিলেন সেটি কোনো অস্বাভাবিক ছোট বা ঝুঁকিপূর্ণ বিমান নয়, বরং এটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা এবং ভারতের ডিজিসিএ (DGCA) অনুমোদিত একটি নিরাপদ ও স্ট্যান্ডার্ড বিমান।

আদালতের কাছে সংস্থাটি তিন কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণের দাবির পাশাপাশি নোরার সোশ্যাল মিডিয়ায় থাকা বিতর্কিত ভিডিও এবং সংশ্লিষ্ট পোস্টসমূহ অনতিবিলম্বে মুছে ফেলার নির্দেশনা চেয়েছে। তবে এই আইনি পদক্ষেপ ও অভিযোগ নিয়ে নোরা ফাতেহির পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি।

 

মন্তব্য করুন