তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ০৪:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর উদ্বোধনিতে শুরু হতে যাচ্ছে ডেঙ্গু প্রতিরোধের বিশেষ অভিযান

দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতির অবনতি রুখতে আগামী তিন মাসকে চরম ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা করে দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে সরকার। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সমন্বিত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এই মেগা কর্মসূচিতে দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নির্ধারণ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল প্রচলিত কীটনাশক প্রয়োগের ওপর নির্ভর না করে প্রতিটি পাড়া-মহল্লায় সামাজিক সচেতনতা তৈরি ও স্থানসমূহ পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে। ঘোষিত কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনওদের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবীদের পাশাপাশি স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রতি শনিবার বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে গিয়ে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করার কাজে অংশ নেবে।

মাঠপর্যায়ের পরিচ্ছন্নতার পাশাপাশি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আগামী তিন মাস আমাদের জন্য অত্যন্ত স্পর্শকাতর। সরকারি উদ্যোগের সঙ্গে প্রতিটি নাগরিকের নিজ নিজ জায়গা থেকে সচেতন ভূমিকা নিশ্চিত করাই হবে এই সংকটের মূল সমাধান।"

উক্ত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন