তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন ও অমীমাংসিত বিষয় সমাধানের কড়া বার্তা রাষ্ট্রপতির

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী, টেকসই ও গতিশীল করতে গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টন এবং অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি স্পষ্ট করেন, অভিন্ন নদ-নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের কোটি মানুষের জীবন ও জীবিকার সাথে সরাসরি সম্পৃক্ত। তাই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর ন্যায়সঙ্গত ও সম্মানজনক সমাধান হলে দুই দেশের জনগণের মাঝে পারস্পরিক আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, “সারভৌম সমতা, জাতীয় স্বার্থ ও মর্যাদা এবং জনগণের কল্যাণকে সমুন্নত রেখে ভারতের সাথে ভবিষ্যৎমুখী ও লাভজনক অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ।”

জবাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পানি বণ্টনসহ অমীমাংসিত বিষয়গুলোতে তাঁর সরকারের ইতিবাচক মনোভাব ও পদক্ষেপের কথা রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সাথে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে বলেন, পারস্পরিক মর্যাদা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের সাথে বাণিজ্যিক, প্রযুক্তিগত ও সামাজিক সম্পর্ককে আরও উন্নত ও শক্তিশালী করতে ভারত দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

রাষ্ট্রপতি ভারতীয় হাইকমিশনারের সফল কর্মকাল কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে দুই দেশের জনগণের পারস্পরিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে অভিন্ন শান্তি ও সমৃদ্ধি অর্জনে উভয় দেশ আগামীতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।

 

মন্তব্য করুন