বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:০৮ পিএম

অনলাইন সংস্করণ

নারী ও শিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পিয়া জান্নাতুল

ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর প্রকাশ্যে হামলা ও হেনস্তার ঘটনায় সামাজিক মাধ্যমসহ শোবিজ অঙ্গনে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন বাঁধন। এই অপ্রীতিকর ঘটনার প্রেক্ষাপটে এবার নারী ও শিল্পীদের প্রতি সমাজের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের আলোচিত মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন পিয়া জান্নাতুল।

পোস্টে সরাসরি বাঁধনের নাম উল্লেখ না করলেও সার্বিক ঘটনা তুলে ধরে তিনি লেখেন, “মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ (সংবেদনহীন) হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি—যেটা সত্যিই ভাবায়।”

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের একাংশের আচরণ ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে পিয়া আরও বলেন, “দেশের বাইরে থাকলেই যে মানুষের চিন্তাভাবনা বদলে যায়, বা মনটা আরও খোলামেলা হয়ে যায়, আসলে তা না। আমার কাছে আসল উন্নতি বোঝা যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করে, কতটা বুঝতে পারে, আর কতটা মানবিক থাকতে পারে—সেখানেই। দুঃখের বিষয়, এই জায়গাগুলোতেই আমরা যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি।”

উল্লেখ্য, এর আগে ভেনিসে ভাইয়ের পরিবারের সঙ্গে পার্ক পরিদর্শনের সময় বাঁধনকে ঘিরে ধরে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয় এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে চাপ দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেন ও শোবিজ অঙ্গনের কলাকৌশলীরা।

 

মন্তব্য করুন