প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে এখন বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে এবং আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির।
আট সদস্যের এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেন অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল। সাক্ষাৎকালে প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে এবং এই কমিটি বর্তমানে বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করা এবং দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করছে।
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।
এই সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
মন্তব্য করুন