তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ আগষ্ট, ২০২৬, ১২:৫০ পিএম

অনলাইন সংস্করণ

পরিচয় মিলল রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির

ছবি: তরুণ কণ্ঠ গ্রাফিক্স

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। জানা গেছে, নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুইজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।

আত্রাই উপজেলার নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক (পিতা- মো. সাইদুর রহমান), মো. কলিমউদ্দিন (পিতা- মৃত বজলুর প্রামানিক), মো. মোহন ও মো. সুমন (পিতা-গুফফার প্রামানিক) এবং খরস্রোতা গ্রামের মজিদুল (পিতা- মজনু) রয়েছেন। এছাড়া উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং সাদনগর গ্রামের সাগর নিহতদের তালিকায় রয়েছেন। একই উপজেলার মিনহাজের গ্রামের নাম এখনো প্রাথমিকভাবে জানা যায়নি।

অন্যদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বিরও এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। এছাড়া রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম, ডাংগাপাড়া এলাকার শ্যামলও নিহতদের মধ্যে রয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

মন্তব্য করুন