প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক এখন নতুন করে গড়ে উঠবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার ভাষ্যে, গত ১৭ বছর ধরে দুই দেশের মধ্যে যে ধরনের সম্পর্ক চলে এসেছে, তা থেকে সরে এসে এবার সমতার ভিত্তিতে এই সম্পর্ক নির্মাণ করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
দ্বিপক্ষীয় সম্পর্কের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে উপদেষ্টা একটি প্রবাদের মতো মন্তব্য করেন, 'বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।' পাশাপাশি তিনি জানান, দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতে পারে।
অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যেভাবে ভারতের বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেওয়া হতো, এখন থেকে সেই ধারা আর থাকবে না। তিনি স্পষ্ট করে বলেন, 'এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে।'
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, 'বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারতে যেতে পারেন।'
সংবাদ সম্মেলনে উঠে আসে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রসঙ্গও, যেখানে উপদেষ্টা তার সম্পর্কে বেশ কড়া মন্তব্য করেন। তিনি বলেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, সাকিব দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'তিনি দেশে ফিরলে আদালতের মুখোমুখি হবেন এবং আইনি অধিকার পাবেন।'
সবশেষে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, 'তাকেও দেশে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে। সবচেয়ে বীভৎস মানুষটাও তার নাগরিক অধিকার পাবে।'
মন্তব্য করুন